শিরোনাম

রাজবাড়ী, ২ জুন, ২০২৬ (বাসস) : জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রামে পদ্মা নদী ভাঙন রোধে রাজবাড়ীর জেলা প্রশাসক সব ধরনের প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়েছেন।
গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসক আফরোজা পারভীন জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া দেবগ্রাম ইউনিয়নে নদী ভাঙনের ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।
এসময় এলাকার জনপদ, ঘরবাড়ি ও কৃষিজমিসহ ফেরি ঘাট এলাকা দ্রুত নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষার জন্য আপদকালীন প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। এছাড়াও এ কাজের জন্য প্রয়োজনীয় (জিও ব্যাগ ডাম্পিং) কাজ শুরু করারও পরামর্শ দেন তিনি।
দৌলতদিয়া ফেরি ঘাটের ভাঙন এলাকাও পরিদর্শন শেষে ভাঙন এলাকা গুলো দ্রুত প্রতিরক্ষামূলক কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেন। একই সাথে ভাঙন মোকাবিলায় দীর্ঘমেয়াদী ও স্থায়ী টেকসই বাঁধ নির্মাণের লক্ষ্যে যৌথ সমন্বয়ের মাধ্যমে দ্রুত পরিকল্পনা প্রণয়নের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পরামর্শ প্রদান করেন।
এ সময় তার সাথে ছিলেন, গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা সাথী দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মুনতাসিন হাসান খান উপজেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর কর্মকর্তা এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন প্রতিনিধি ও প্রকৌশলীবৃন্দ।
জেলা প্রশাসক এ সময় সাংবাদিকদের বলেন, গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট এলাকা ২১ জেলার প্রবেশ দ্বার হিসেবে খ্যাত। জনগুরুত্বপূর্ণ এই নৌ-রুট এবং নদী সংলগ্ন জনপদকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। এবং যাত্রীদের পারাপারে ভোগান্তি রোধে বর্ষা মৌসুমের পূর্বে ফেরি ঘাট সচল রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।