শিরোনাম

নওগাঁ, ২ জুন, ২০২৬ (বাসস) : বাঙালি মুসলিম সমাজের প্রগতিশীল চিন্তা ও বুদ্ধিবৃত্তিক জাগরণের ঐতিহাসিক বাতিঘর ‘মুসলিম সাহিত্য সমাজ’-এর গৌরবময় শতবর্ষ পূর্তি উপলক্ষে নওগাঁয় এক ব্যতিক্রমী ও মননশীল একক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে।
’জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব’ এই কালজয়ী স্লোগানকে বুকে ধারণ করে গতকাল সোমবার সন্ধ্যায় নওগাঁ শহরের একটি হোটেলে স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ গতকাল সন্ধ্যায় এ অনুষ্ঠান আয়োজন করে।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ডি.এম আব্দুল বারী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ সরকারি কলেজের অধ্যাপক এস.এম মোজাফফর হোসেন। বিশিষ্ট প্রাবন্ধিক-গবেষক অধ্যাপক মোরশেদ শফিউল হাসান এতে একক বক্তৃতা প্রদান করেন। অনুষ্ঠানে দেশের খ্যাতনামা বুদ্ধিজীবীর সংক্ষিপ্ত জীবনী পাঠ ও প্রাসঙ্গিক আলোচনা উপস্থাপন করেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. নীলিমা তাবাসসুম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কবি ও লেখক আতাউল হক সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফা আল-মেহমুদ রাসেল। এসময় শহরের বিভিন্ন স্তরের বিশিষ্ট নাগরিক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতি কর্মীরা উপস্থিত ছিলেন।
বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক মোরশেদ শফিউল হাসান তথ্যসমৃদ্ধ ও মননশীল একক বক্তব্যে মুসলিম সাহিত্য সমাজের ঐতিহাসিক পটভূমি, বাঙালি মুসলমান সমাজের আধুনিকায়ন এবং সমসাময়িক মুক্তবুদ্ধি চর্চার প্রাসঙ্গিকতা তুলে ধরেন।
একক বক্তৃতার পর অনুষ্ঠিত হয় একটি প্রাণবন্ত উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব। এ সময় উপস্থিত সুধীজন মুসলিম সাহিত্য সমাজ ও শিক্ষা আন্দোলন নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন এবং প্রধান বক্তা অত্যন্ত নিখুঁত ও সাবলীলভাবে সেগুলোর উত্তর প্রদান করেন। নওগাঁর সাংস্কৃতিক ইতিহাসে এই ধরনের বুদ্ধিবৃত্তিক ও একক বক্তৃতাধর্মী আয়োজন এবারই প্রথম।