বাসস
  ০১ জুন ২০২৬, ২৩:২৯

শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে খুলনা জেলা ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

ছবি : বাসস

খুলনা, ১ জুন ২০২৬ (বাসস) : মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে খুলনা জেলা ছাত্রদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্যসচিব (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আবু জাফর।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করতে হলে দেশপ্রেম, সততা ও ত্যাগের মানসিকতা থাকতে হবে। দেশ, জনগণ ও দলের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত নেতাকর্মীরাই ছাত্রদল থেকে গড়ে উঠে বিএনপির রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে পারেন। বর্তমান শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে বলেও তারা উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের নেতাকর্মীদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তারা শিক্ষাঙ্গণে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এবং সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ত করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করে বলেন, তিনি দেশের বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করেছিলেন। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থেকেও তিনি সততা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর আদর্শ, সাহসিকতা ও সততা অনুসরণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য কে এম আশরাফুল আলম নান্নু, দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভার সাবেক আহ্বায়ক শেখ মোজাফফার হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মাকসুদ আলম, ইমতিয়াজ আলী সুজন, কাজী রিয়াজুল ইসলাম বাবু, মোস্তাক আহমেদসহ জেলা ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।