বাসস
  ০১ জুন ২০২৬, ১২:২০

কক্সবাজারে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

কক্সবাজার, ১ জুন, ২০২৬ (বাসস) : কক্সবাজার সমুদ্র সৈকতের সী-গাল পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক মোহাম্মদ আবিরের (১৮) মরদেহ আজ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজার নাজিরারটেক উপকূল থেকে লাইফ গার্ড ও বিচ কর্মীদের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়। এরআগে, রোববার বেলা সাড়ে ১২টার দিকে বন্ধুদের সঙ্গে সাগরে নামার পর নিখোঁজ ছিল।

সী সেফ লাইফগার্ড সংস্থার সুপারভাইজার মো. ওসমান গনি বাসস’কে জানান, আবির নিখোঁজের খবর পেয়ে দ্রুত সিগাল পয়েন্টে যাই এবং সারারাত সৈকতে অবস্থান করে খোঁজাখুঁজি করি। ভোরে কয়েকজনকে নিয়ে নাজিরারটেকের দিকে অনুসন্ধানে বের হলে ভোর ৫টা ২৮ মিনিটের দিকে সমুদ্রে ভাসমান অবস্থায় আবিরকে দেখতে পাই। পরে তাকে তীরে তুলে রেখে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়া হয়।

মো. ওসমান গনি বলেন, রোববার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় দুই পর্যটক গোসলে নামেন। এ সময় লাইফগার্ড সদস্যরা একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও অপর একজন নিখোঁজ হন।

ওসমান গনি জানান, উদ্ধার হওয়া মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে নিহতের স্বজনরা প্রশাসনের সঙ্গে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করছেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বাসস’কে বলেন, মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে আবিরের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

নিহত আবির পুরান ঢাকার শহীদনগর, লালবাগ এলাকার ইলিয়াস মুন্সীর ছেলে। তারা ঢাকা থেকে ৯ বন্ধু মিলে রোববার কক্সবাজারে ভ্রমণে এসেছিলেন। সকাল ৭টায় কক্সবাজারে পৌঁছে সি ল্যান্ড গেস্ট হাউজে অবস্থান নেয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা সী-গাল পয়েন্টে সমুদ্রে গোসল করতে নামে।