বাসস
  ১৩ মে ২০২৬, ১৪:৪৬
আপডেট : ১৩ মে ২০২৬, ১৬:০৩

হবিগঞ্জে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং

বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের উপ-পরিচালক ওয়ালিদুর রহমান এ ব্রিফ করেন।ছবি: বাসস

হবিগঞ্জ, ১৩ মে, ২০২৬, (বাসস): জেলা তথ্য অফিসের উদ্যোগে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে চলমান জনসচেতনতামূলক কার্যক্রম বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের উপ-পরিচালক ওয়ালিদুর রহমান এ ব্রিফ করেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, তৃণমূল পর্যায়ে জনগণকে সম্পৃক্ত করতে কমিউনিটি সভা, উঠান বৈঠক, চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, নারী সমাবেশ, কৃষক সমাবেশ, সড়ক প্রচার, কুইজ প্রতিযোগিতা, ইনফোগ্রাফিক প্রচার এবং অনলাইন ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে।

এছাড়া দারিদ্র্য নিরসন, সামাজিক সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সংরক্ষণ এবং দুর্নীতি প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে জানানো হয়। 

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির ইতিবাচক প্রভাব নিয়েও জনগণকে অবহিত করা হচ্ছে।

ধর্মীয় সম্প্রীতি ও নৈতিকতা উন্নয়ন, সাংস্কৃতিক চর্চা এবং সামাজিক সহনশীলতা বৃদ্ধির লক্ষে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাভিত্তিক আলোচনা সভা, শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।

জেলা তথ্য অফিসের পক্ষ থেকে জানানো হয়, গত কয়েক মাসে উল্লেখযোগ্য সংখ্যক কমিউনিটি সভা, চলচ্চিত্র প্রদর্শনী ও অনলাইন প্রচার কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং এসব কার্যক্রম নিয়মিতভাবে চলমান রয়েছে।

প্রেস ব্রিফে আরও বলা হয়, জনসচেতনতামূলক কার্যক্রম আরও বেগবান করতে পর্যাপ্ত বরাদ্দ, আধুনিক প্রচার সরঞ্জাম, সিনেমা ভ্যান ও লজিস্টিক সুবিধা বৃদ্ধির প্রয়োজন রয়েছে।

হবিগঞ্জ জেলা অনুষ্ঠিত প্রেস ব্রিফে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।