বাসস
  ১৩ মে ২০২৬, ১৬:৩১

নওগাঁয় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

জেলায় আজ নানা কর্মসূচির মধ্যদিয়ে ১৯ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়। ছবি : বাসস

নওগাঁ, ১৩ মে ২০২৬ (বাসস): জেলায় আজ ‘অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে নানা কর্মসূচির মধ্যদিয়ে ১৯ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।

আজ বুধবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এসব কর্মসূচি পালিত হয়। 

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকরে কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল হক, জেলায় সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহতাসিম বিল্লাহ, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মোহাম্মদ আহাদ আলী, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট সাবেরা সুলতানা, আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওছিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে ১২জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে হুইল চেয়রারসহ বিভিন্ন সহায়ক উপকরণ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহনকারি প্রতিযোগিদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার বিতরণ করা হয়। 

এছাড়াও অনুষ্ঠানে এক প্রতিবন্ধী শিক্ষার্থী সকল বাঁধা পেরিয়ে সফলভাবে মাস্টার্স শেষ করায় জেলা প্রশাসকের পক্ষ থেকে তাকে একটি ল্যাপটপ উপহার দেয়া হয়।