শিরোনাম

কুষ্টিয়া, ১৩ মে, ২০২৬ (বাসস) : ইসলামিক ইউনিভার্সিটি সাইন্স ক্লাবের (আইইউএসসি) আয়োজনে দেশের শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুষ্টিয়ায় ইসলামিক বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ‘২য় আইইউএসসি জাতীয় বিজ্ঞান উৎসব-২০২৬’।
এর আগে, সোমবার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাকীব মুহাম্মদ নাসরুল্লাহ দুই দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন। আজ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, বিজ্ঞানভিত্তিক কার্যক্রম শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং গবেষণামুখী মানসিকতা বিকাশে সহায়তা করে।
পূবালী ব্যাংক পিএলসি’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই উৎসবে প্রকল্প প্রদর্শনী, বিজ্ঞান অলিম্পিয়াড, পোস্টার উপস্থাপনা, রুবিকস কিউব প্রতিযোগিতা, ফটোগ্রাফি, দাবা, ট্রেজার হান্ট এবং চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।