শিরোনাম

টাঙ্গাইল, ৫ মে, ২০২৬ (বাসস) : জেলার সখীপুরে জ্বালানি তেল কম দেওয়ার অপরাধে বোয়ালী পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার দুপুরে জেলার সখিপুর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।
তিনি জানান, সখীপুরের বোয়ালী পেট্রোল পাম্পের বিরুদ্ধে বিভিন্ন সময় একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আজ অভিযানে গিয়ে দেখা যায় পাঁচ লিটার তেলে প্রায় ২৭০ মিলি এবং ১০ লিটার তেলে প্রায় ৫৪২ মিলি কম দেওয়া হচ্ছিল। এ ঘটনায় পাম্প কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।