শিরোনাম

বাগেরহাট, ৫ মে, ২০২৬ (বাসস) : সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টাকালে ২ দুষ্কৃতকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বাসস’কে এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে।
তিনি আরও জানান, গতকাল সোমবার ভোর ৪টার দিকে খুলনার দাকোপ থানাধীন ঢাংমারী খাল সংলগ্ন সুন্দরী ইকো রিসোর্টে অবস্থানরত পর্যটকদের ওপর হামলা ও লুটপাটের উদ্দেশ্যে একটি দুষ্কৃতকারী চক্র রিসোর্টের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। তবে রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।
পরবর্তীতে রিসোর্ট কর্তৃপক্ষ কোস্ট গার্ডকে বিষয়টি অবহিত করলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে একই দিন বিকাল ৫টায় কোস্ট গার্ড বেইস মোংলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ঢাংমারী খাল সংলগ্ন এলাকা থেকে ডাকাতির চেষ্টায় জড়িত থাকার অভিযোগে রাজন সরদার (২৫) ও রতন সরদার (১৪) নামে দুই দুষ্কৃতকারীকে আটক করা হয়। তারা উভয়ই খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।