বাসস
  ০৪ মে ২০২৬, ১৩:০৭

পটুয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে একজনের মৃত্যু 

 পটুয়াখালী, ৪ মে, ২০২৬ (বাসস) : জেলার বাউফল-ঢাকা মহাসড়কে মধ্যরাতের নীরবতা ভেঙে ঘটে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা। ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে নিহত হন বাসের স্টাফ আল মাহমুদ। আহত হন অন্তত ১০ যাত্রী।

সোমবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার আফসার গ্যারেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আল মাহমুদ (১৮) বগা ইউনিয়নের সন্যাসিকান্দা এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি ‘বাউফল ট্রাভেলস’ নামের একটি বাসে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দশমিনা থেকে ছেড়ে আসা বাসটি বাউফল অতিক্রম করার সময় দ্রুত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। বাসটিতে তখন প্রায় ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে নামেন। আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কয়েকজন যাত্রী অভিযোগ করেন, দুর্ঘটনার সময় চালক মোবাইল ফোনে কথা বলছিলেন এবং বাসের গতি ছিল অস্বাভাবিক বেশি। এতে নিয়ন্ত্রণ হারিয়ে এমন মর্মান্তিক ঘটনা ঘটে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বাসস’কে জানান, বাসটিতে আনুমানিক ২০-২৫ জন যাত্রী ছিলেন। নিহত একজন ছাড়াও আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে বরিশালে পাঠানো হয়েছে। 

নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ঘটনাটি এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয়রা সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন।