বাসস
  ২১ মার্চ ২০২৬, ০১:০২

দিনাজপুর গোর-এ-শহীদ ঈদগাহ মাঠে ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন্ন

দিনাজপুরে এশিয়ার সর্ববৃহৎ ঐতিহাসিক গোর এ শহীদ ঈদগাহ ময়দান। ছবি: বাসস

দিনাজপুর, ২০ মার্চ ২০২৬ (বাসস) : পবিত্র ঈদুল ফিতরের জামাত আদায়ের জন্য দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ঈদগাহ মাঠে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। এশিয়ার অন্যতম বৃহৎ এ ঈদগাহ ময়দানে কয়েক লাখ মুসল্লির অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে জামাত আয়োজনের লক্ষ্যে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় ২৩ একর এলাকাজুড়ে বিস্তৃত এ ঈদগাহ মাঠে প্রায় ৭ লাখ মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। ইতোমধ্যে মাঠ পরিষ্কার, সমতলকরণ, নামাজের কাতার নির্ধারণ, মিনার পরিষ্কার, অজুখানা ও টয়লেট নির্মাণসহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

মাঠ প্রস্তুতকারী শ্রমিক সর্দার জুলফিকার হোসেন জানান, ২০১৬ সাল থেকে সম্প্রসারিত এ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। ৫১৭ ফুট দৈর্ঘ্যের মিনারে রয়েছে ৫২টি গম্বুজ এবং মূল মিম্বরের উচ্চতা ৫৫ ফুট। মুসল্লিদের প্রবেশের জন্য এবার ২০টি গেইট নির্মাণ করা হয়েছে।

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন আজ(শুক্রবার) রাতে এক প্রেস ব্রিফিংয়ে জানান, আগত মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা বলেন, ঈদ জামাতকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাঠ ও আশপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

আগামীকাল শনিবার সকাল ৯টায় এ ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা মো. মাহফুজুর রহমান।

জেলা প্রশাসন জানায়, ঈদ জামাতে অংশ নিতে রংপুর বিভাগের বিভিন্ন জেলা ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে মুসল্লিরা আসবেন। এ লক্ষ্যে পঞ্চগড় ও পার্বতীপুর থেকে বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ জামাতকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনটি ওয়াচ টাওয়ার স্থাপন, প্রতিটি গেটে মেটাল ডিটেক্টর বসানোসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ঈদের নামাজ আদায় নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুত রয়েছে।