শিরোনাম

ঝিনাইদহ, ১৯ মার্চ ২০২৬ (বাসস) : জেলার মহেশপুরে ইটভাটার ট্রাক্টর চাপায় নুহ মিস্ত্রি (৪৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাক্টরটি আটক করেছে পুলিশ। তবে ট্রাক্টর চালক পলাতক রয়েছেন।
আজ বিকেল সাড়ে ৫টার দিকে মহেশপুর-নেপা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুহ মিস্ত্রি মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা দক্ষিণপাড়া গ্রামের মৃত মুসলিম উদ্দিনের পুত্র।
পুলিশ জানায়, বিকেলে নুহ মিস্ত্রি বাইসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বাঘাডাংগা পল্লাটিপাড়ার আমির হোসেনের বাড়ির সামনে বাঘাডাঙ্গা-নেপা সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইট পরিবহনকারী ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ ঘটনায় ঘাতক ট্রাক্টরটি আটক করেছে পুলিশ। তবে ট্রাক্টর চালক হোসাইন মিয়া (২২) পলাতক রয়েছেন৷ ট্রাক্টর চালক হোসাইন মহেশপুর উপজেলার ঘোষপুর গ্রামের মৃত আলামিনের পুত্র।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, দুর্ঘটনার পরে ঘটনাস্থলে পুলিাশ টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ট্রাক্টর আটক করা হয়েছে। তবে চালক পলাতক আছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।