শিরোনাম

নোয়াখালী, ২৩ জুন, ২০২৬, (বাসস): জেলার কবিরহাট উপজেলার কবিরহাট-সোনাপুর সড়কে পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুন্দলপুর এলাকার বারীপুকুর পাড়ে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় পিকআপের চালক মহিউদ্দিন মাহমুদ ও চালকের সহকারী সালাউদ্দিনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।
জানা যায়, রাত সাড়ে ৮টায় কবিরহাট-সোনাপুর সড়কের বারীপুকুর পাড় এলাকায় একটি মিনি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও পেছনে থাকা আরোহী নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া দুইজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন। লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।