শিরোনাম

খুলনা, ২৩ জুন, ২০২৬, (বাসস): জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, উন্নয়নের প্রথম শর্তই হলো শান্তি ও স্থায়িত্ব। আজ যখন দেশ তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, তখন কিছু কুচক্রি মহল, সন্ত্রাসী ও সন্ত্রাসী গোষ্ঠী দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা করছে।
আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই-জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা রাজপথে থেকেই কঠোর হস্তে দমন করবে বিএনপি। বাংলাদেশকে আর কোনোদিন গণহত্যাকারীদের হাতে তুলে দেওয়া হবে না।
আজ মঙ্গলবার বিকেলে জেলার ডুমুরিয়া উপজেলা সদরে সারাদেশে শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে সন্ত্রাস বিরোধী মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপি’র সদস্য শেখ আব্দুর রশিদ, কেএম আশরাফুল আলম নান্নু, মল্লিক আব্দুস সালাম, হাফিজুর রহমান, সরোয়ার হোসেন, মোল্যা কবির হোসেন, ঈসমাইল হোসেন, আব্দুল হালিম ও মশিউর রহমান লিটন প্রমুখ।
সমাবেশ শেষে বিশাল মিছিল সহকারে ডুমুরিয়া সদরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।
এদিকে, সকাল থেকেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
‘সন্ত্রাসীদের আস্তানা, এই বাংলায় হবে না’ স্লোগানে স্লোগানে অবস্থান নেন তারা। খুলনার জিরোপয়েটে অবস্থান নিয়ে সমাবেশ করে জেলা বিএনপি ও যুবদল।
কর্মসূচিতে উপস্থিত থেকে নেতৃত্ব দেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।