শিরোনাম

গাইবান্ধা, ১৯ মার্চ ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলার বড়িয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি গ্রামের একটি পুকুরে ডুবে আজ দুপুরে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশুরা হলো চুনিয়াকান্দি গ্রামের নাশ চন্দ্রের পুত্র অনুরুদ্ধ চন্দ্র (৭) এবং রবিন চন্দ্রের পুত্র অপূর্ব চন্দ্র (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে শিশু দুটি বাড়ির পাশের একটি পুকুরের ধারে খেলছিল। এক পর্যায়ে তারা বোতলে পানি ভরতে পুকুরে নামে এবং দুর্ঘটনাবশত ডুবে যায়।
পরে তাদের পরিবারের সদস্যরা তাদের খুঁজতে শুরু করলে পুকুরে ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পান। এরপর তাদের উদ্ধার করা হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ আল-মামুন বলেন, তিনি ঘটনার খবর পেয়ে এ বিষয়ে তথ্য সংগ্রহের জন্য একজন সাব-ইন্সপেক্টরকে গ্রামে পাঠিয়েছেন। দুপুর পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। শিশুদের মরদেহ তাদের পরিবারের তত্ত্বাবধানে রয়েছে।