বাসস
  ১৮ মার্চ ২০২৬, ১৪:৩০

মহেশপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নারী নিহত

ঝিনাইদহ, ১৮ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার মহেশপুরে তেলবাহী ট্রাকের ধাক্কায় ফুলঝুরি বেগম (৪৫) নামে এক ভ্যানযাত্রী নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার ছেলে লাভলু। 

আজ বুধবার সকালে উপজেলার খালিশপুর কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফুলঝুরি বেগম মহেশপুরের নিমতলা গ্রামের ফকির আহমেদের স্ত্রী।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, ফুলঝুরি বেগম সকালে ছেলে লাভলুকে নিয়ে ভ্যানযোগে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের খালিশপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান ফুলঝুরি বেগম।

তিনি আরও জানান, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তার ছেলে লাভলুকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়।

এদিকে মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে আহতের চিকিৎসা ও পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার।

ওসি মেহেদী হাসান বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক।