বাসস
  ১৮ মার্চ ২০২৬, ১৪:২২

নরসিংদীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন আজ সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ করেন। ছবি : বাসস  

নরসিংদী, ১৮ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মানবিক সহায়তার অংশ হিসেবে আয়োজিত এই কর্মসুচি আজ সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এসময় নরসিংদী সদর উপজেলার ২টি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ৩৩৩ জন উপকারভোগীর মাঝে ৩ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আসমা জান্নাত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

প্রধান অতিথি বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকার সবসময় দরিদ্র জনগোষ্ঠীর পাশে রয়েছে। সরকার থেকে উপকারভোগীদের জন্য যেসব বরাদ্দ আসবে তা যথাযথ নিয়মে, সুষম বণ্টন করা হবে। এখানে কোনরকম অনিয়ম বরদাস্ত করা হবে না।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, এই ধরনের উদ্যোগ দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।