শিরোনাম

বাগেরহাট, ১৮ মার্চ, ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকো’র রুহের মাগফেরাত কামনা এবং তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকারের সাফল্য কামনায় মঙ্গলবার বিকেলে বাগেরহাটের খানজাহান আলী কলেজ মাঠে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট জেলা বিএনপি’র আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের নয়া প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি শেখ মুজিবর রহমান, সাবেক সচিব মশিউর রহমান, বিএনপি নেতা খান মনির হোসেন, জেলা বিএনপি’র সদস্য সচিব মোজাফফর রহমান আলম, পৌর বিএনপি’র সভাপতি শেখ শাহেদ আলি রবি এবং সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম জুয়েলসহ জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শহীদ জিয়া, খালেদা জিয়া ও কোকোর রুহের মাগফেরাত কামনা করেন এবং তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গঠনে দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, একটি উন্নত, গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে হাজার হাজার মানুষের ঢল নামে। পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়, তিল ধারণের ঠাঁই ছিল না। ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়, যেখানে দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাবুদ।
ইফতার অনুষ্ঠানে বাগেরহাট জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।