শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ, ১৭ মার্চ, ২০২৬ (বাসস) : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে গরিব ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
‘সেবা হলো শ্রেষ্ঠ উপহার, ঈদ আনন্দ হোক সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে আজ দুপুরে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে ‘সেবা সংস্কৃতিতে আমরা’ নামের একটি সামাজিক, অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিন আকতার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মজিবুর রহমান, মো. আলমগীর জুয়েল, মো. রবিউল ইসলাম, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহবায়ক ফরহাদ আলী, গৌড় প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ, সফিকুল ইসলাম, প্রমুখ।
এতে উপজেলার প্রায় দুইশত গরিব ও দুঃস্থ পরিবারের মাঝে চাল, ডাল, আটা, চিনি, তেল, সেমাই, নুডলস, বুন্দিয়া, পাপড়সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম জানান, ২০২৪ সালে কয়েকজন শিক্ষিত যুবকদের নিয়ে গঠিত এ সংগঠনটি প্রতিবছর মানুষের কল্যাণে কাজ করে আসছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপহার পেয়ে অসহায় পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।