শিরোনাম

পটুয়াখালী, ১৭ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার বাউফল উপজেলার কালিশুরী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার রাত আনুমানিক চারটা দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: আনসার সিকদারের চায়ের দোকান, মো. হাসানের চালের দোকান, বদিউল আলমের ক্রোকারিজের দোকান, বরুনের জুয়েলারি, রাসেলের কসমেটিকস, কালু মেকারের মোবাইল শপ, উজ্জল সিকদারের মুদি দোকান, লোকনাথ জুয়েলারি, কবির তালুকদার ও ফারুক হোসেনের ফটোকপি দোকান এবং বদিউজ্জামান ও মাসুমের ক্রোকারিজের দোকান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাব্বির আহমেদের নেতৃত্বে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ ও সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।