শিরোনাম

জামালপুর, ১৭ মার্চ, ২০২৬ (বাসস) : কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) সূত্রে জানা গেছে, ৬ হাজার কৃষক আউশ ধানের বীজ ও সারের ওপর এই প্রণোদনা পাবেন।
প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে চাষ করার জন্য বিনামূল্যে পাঁচ কেজি উচ্চ ফলনশীল জাতের আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার পাবেন।
এই কর্মসূচির আওতায় ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক প্রণোদনা পাবেন, যাদের মধ্যে জামালপুর সদর উপজেলায় ১৪৫০ জন, বকশীগঞ্জে ১২৫০ জন, ইসলামপুরে ১১শ’ জন, মেলান্দহে ৭শ’ জন, সরিষাবাড়ীতে ৬শ’ জন, দেওয়ানগঞ্জে ৬শ’ জন এবং মাদারগঞ্জ উপজেলায় ৩শ’ জন কৃষক রয়েছেন।
ডিএই-এর উপ-পরিচালক মোহাম্মদ আলম শরীফ খান বাসস’কে বলেছেন, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এই প্রণোদনা বিতরণ করা হবে।