বাসস
  ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৫

খুলনার বাইতুন নূর শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড 

বাইতুন নূর শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড । ছবি: বাসস

খুলনা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : খুলনা মহানগরীর নিউমার্কেট সংলগ্ন বায়তুন নূর শপিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে আগুনের ঘটনা ঘটে। এতে মোবাইলের দোকানসহ ১০/১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে রাত পৌনে ২টার দিকেও মার্কেটের কিছু জায়গা থেকে ধোঁয়া বের হওয়ার খবর পাওয়া গেছে।

ব্যবসায়ীরা জানান, সোমবার রাত ১১টা ১০ মিনিটের দিকে মার্কেটের একটি মোবাইলের ফোনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় ১০ থেকে ১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক এমডি আব্দুল মালেক বলেন, বয়রা ও টুটপাড়া ফায়ার স্টেশন থেকে মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। মার্কেটের আগুন নিয়ন্ত্রণ হয় রাত ১টা ১০ মিনিটের দিকে। এ ঘটনায় ১০-১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে দু’টি দোকান বেশি ক্ষতি হয়েছে। যার একটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া মার্কেটের সামনে বৈদ্যুতিক ও ইন্টারনেটের তার পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।