বাসস
  ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৭

মুন্সীগঞ্জে বাজার মনিটরিংয়ে ১৪ প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায়

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : পবিত্র রমজান মাস উপলক্ষে মুন্সীগঞ্জে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জেলার সদর, সিরাজদিখান, শ্রীনগর  ও গজারিয়া উপজেলায় বাজার মনিটরিংকালে বিভিন্ন অপরাধে ১৪টি মামলায় ১লক্ষ ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসন প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গতকাল সোমবার জেলা ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ জেলার সদর, সিরাজদিখান, শ্রীনগর ও গজারিয়া উপজেলার বিভিন্ন বাজারে বাজার মনিটরিং করে। দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করা, সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি না করা এবং লাইসেন্স ব্যতিরেকে পণ্য বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা সংরক্ষণ আইন-২০০৯ বিএসটিআই আইন-২০১৮ আইন অনুযায়ী বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে ১৪টি মামলায় ১ লক্ষ ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ব্যবসায়ীদের সচেতনতা এবং সতর্কতা মূলক বিভিন্ন নির্দেশনা দেয়া হয়।