শিরোনাম

হবিগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলার সবচেয়ে বড় বাজার চৌধুরী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করে পণ্যের মূল্যতালিকা যাচাই করা হয় এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জেলা প্রশাসক।
অভিযানকালে লেবু ও শসাসহ কয়েকটি পণ্যের দাম তুলনামূলক বেশি নেওয়া হচ্ছে বলে জানান ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। তবে সরবরাহ বৃদ্ধি পেলে এসব পণ্যের দাম স্বাভাবিক হয়ে আসবে বলে জানান তিনি।
বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। কেউ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অতিরিক্ত মূল্য আদায় করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়।