বাসস
  ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১০

খাগড়াছড়িতে সেনাবাহিনীর সহায়তা প্রদান

মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান । ছবি: বাসস

খাগড়াছড়ি, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে মাটিরাঙ্গা জোন সদরে সেনাবাহিনীর নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে এসব বিতরণ করা হয়। 

মাটিরাঙ্গা জোনের আওতাধীন অর্ধশতাধিক অসহায় দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান।

পৌরসভার কাঠাল বাগান এলাকায় মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক এলাহী রিজভী ও গুইমারা রিজিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সুমাইয়া আক্তার দুই শতাধিক পাহাড়ি ও বাঙালি নারী পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেন। এছাড়াও মাটিরাঙ্গা থিয়েটারে সংগীত শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের এডজুটেন্ট অফিসার ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রাফিসহ উর্ধতন কর্মকর্তাগণ।
জোন অধিনায়ক তার বক্তব্যে বলেন, প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত পাহাড়ি বাঙালি সকলের জন্য এই মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।