শিরোনাম

বগুড়া, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বগুড়ায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার দিবাগত রাতে সদর উপজেলার নওদাপাড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল এর সামনে ঢাকা-রংপুর মহাসড়কে রংপুরগামী তাজ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে এই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বোনগাঁও কালিতলার ফরিজ উদ্দিনের ছেলে মানারুল ইসলাম ওরফে মান্না (২৮) এবং একই উপজেলার পশ্চিম বোনগাঁও এলাকার মৃত নুর ইসলামের ছেলে আনোয়ার হোসেন (৩০)। বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা. জিল্লুর রহমান।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাসের জি-১ ও জি-২ নম্বর সিটে টিকিটবিহীন বসা দুই যাত্রীর দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জানিয়েছেন, রমজানের সেহরির সময়কে কাজে লাগিয়ে তারা ইয়াবার চালান পাচার করতেন।
তিনি আরও জানান, এ ঘটনায় বগুড়া সদর থানায় উপপরিদর্শক মো. শাহ আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।