শিরোনাম

রংপুর, ১৭ ফ্রেরুয়ারি, ২০২৬ (বাসস) : পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় রাখতে জেলার মিঠাপুকুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার দুপুরে পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন মুদি ও কাঁচাবাজারের দোকান পরিদর্শন করা হয়।
অভিযানকালে পণ্যের মূল্যতালিকা না টাঙানো, নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্য আদায় এবং ক্রেতাদের কাছে রসিদ প্রদান না করার অভিযোগে দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বাজার কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করে থাকে। এ ধরনের অনিয়ম রোধে নিয়মিত বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে চলা, পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রির জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
ইউএনও বলেন, ‘রমজানে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে বাজারে স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ অতিরিক্ত মূল্য আদায় বা মজুতদারির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।’