শিরোনাম

ঝিনাইদহ, ১৭ ফেব্রুয়ারি , ২০২৬ (বাসস):পবিত্র রমজান মাস উপলক্ষে জেলায় ন্যায্য ও ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু হয়েছে।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ট্রাকে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে এসব পণ্য বিক্রি করবে। পর্যায়ক্রমে উপজেলা শহর ও অন্যান্য বড় বাজার এলাকায়ও এসব পণ্য বিক্রি করা হতে পারে বলে জানা গেছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা শহরের পাঁচটি পয়েন্টে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে।
ভ্রাম্যমাণ ট্রাকে প্রতিটি প্যাকেজে রয়েছে ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা ও ৫০০ গ্রাম খেজুর। পুরো প্যাকেজটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫২০ টাকা। প্যাকেজে থাকা পণ্যগুলোর মধ্যে প্রতি কেজি ভোজ্যতেল ১১৫ টাকা, প্রতি কেজি ডাল ৭০ টাকা, চিনি প্রতি কেজি ৮০ টাকা, ছোলা প্রতি কেজি ৬০ টাকা ও ৫০০ গ্রাম খেজুরের দাম ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
টিসিবির ঝিনাইদহ ক্যাম্প সূত্র জানিয়েছে, কার্ডধারী সুবিধাভোগীরা যথাযথ নিয়মে নিয়মিত ন্যায্য ও ভর্তুকিমূল্যে পণ্য কিনতে পারছেন। এ ছাড়া কার্ডধারী ছাড়া সাধারণ নিম্ন আয়ের মানুষের জন্য জেলা শহরের পাঁচটি পয়েন্টে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। ট্রাকে করে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। শহরের বাসটার্মিনাল, পুরাতন ডিসি কোর্ট চত্বর, আরাপপুর মোড়, মহিষাকুণ্ডু মোড় ও যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এসব পণ্য বিক্রি করছে টিসিবি।
টিসিবির ঝিনাইদহ ক্যাম্পের উপ-পরিচালক মো. আকরাম হোসাইন বলেন, প্রথম দিনে শহরের পাঁচটি পয়েন্টে দুই হাজার মানুষের মাঝে ২ হাজার প্যাকেজ বিক্রয় করা হবে। আগামী ১২ মার্চ পর্যন্ত ট্রাকের মাধ্যমে জেলার অন্যান্য এলাকায় টিসিবি’র পণ্য বিক্রি করা হবে। মোট ২০ দিন এই বিক্রয় কার্যক্রম চলবে। রমজানের ২০ দিনে মোট ৪০ হাজার নিম্ন আয়ের মানুষের কাছে আমরা ন্যায্যমূল্যের পণ্য পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ শুরু করেছি।