বাসস
  ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২১

খুলনায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার খানজাহান আলী সেতুর পশ্চিম পাশের ঢালে সড়ক দুর্ঘটনায় মো. জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর বাগেরহাট জেলার সরুই এলাকার খানজাহান আলী সড়কের বাসিন্দা। তার পিতার নাম জয়নাল আবেদীন। 

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তুহিনুজ্জামান জানান, আজ সকালে জাহাঙ্গীর আলম তার বড় ছেলেকে খুলনা রেলস্টেশনে পৌঁছে দিয়ে মোটরসাইকেলে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন। রূপসা ব্রিজের পশ্চিম ঢালে পৌঁছালে (খুলনা মেট্রো-ট ১১-০৮০৮) একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

তিনি জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পোস্ট মর্টেম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।