বাসস
  ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫

নেত্রকোণায় ৬ লাখ টাকার মাদকসহ তিন কারবারি আটক

৬ লাখ টাকার মাদকসহ তিন কারবারি আটক। ছবি: বাসস

নেত্রকোণা, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে ১৫০০ (পনেরো শত) পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোণা (ডিএনসি) জেলা কার্যালয়ের সদস্যরা।

গতকাল শনিবার (১৪ফেব্রুয়ারি) রাত পৌনে দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের শম্ভুগঞ্জ গোলচত্বর সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন; নেত্রকোণার বারহাট্টা উপজেলার বরহাটি গ্রামের মৃত জজ মিয়ার পুত্র মো. রুহুল আমিন (৩৫), পূর্বধলা উপজেলার মানিকদীর গ্রামের মৃত মাহতাব উদ্দিনের পুত্র মো. খোরশেদ আলম ওরফে আলম (৩২) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ গ্রামের মো. শাহজাহান মিয়ার পুত্র অলিউল্লাহ (২৪)।

আজ রোববার সকাল এগারোটায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বাসসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি রেইডিং টিম শম্ভুগঞ্জ গোলচত্বর এলাকায় অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন 'রফরফ এন্টারপ্রাইজ' নামক একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে আসামিদের কাছ থেকে মোট ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৬ লাখ টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।