শিরোনাম

গাজীপুর, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রথমে কোনাবাড়ী মডার্ণ ফায়ার সার্ভিস ও পরে চৌরাস্তা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন।
কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দায়িত্বরত সদস্য শাহীন আলম বাসসকে জানান, প্রথমে শফিউদ্দিনের ঝুট গোডাউনে আগুন লাগে। পরে পাশের একটি ফার্নিচারের দোকান ও একটি বসতবাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করি। আগুন নিয়ন্ত্রণে আসতে এক ঘন্টার বেশি সময় লেগেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।