বাসস
  ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০১

দিনাজপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রতীকী ছবি

দিনাজপুর, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): দিনাজপুর-রংপুর মহাসড়কের রানীরবন্দর হাইওয়েতে অভিযান চালিয়ে ৯ হাজার ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। 

গতকাল সোমবার (৯ জানুয়ারি ২০২৬) রাত ১২ টায় দিনাজপুর র‌্যাব-১৩ ক্যাম্পের জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা গতকাল সোমবার রাতে দিনাজপুর-রংপুর হাইওয়ের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর রৌমারী পরিবহণ কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায়। এ সময় গোল্ডেন লাইন কোচ থামিয়ে তল্লাশী করে সন্দেহজনকভাবে দুই জনকে গ্রেফতার করা হয়। র‌্যাব সদস্যরা গ্রেফতারকৃত দুইজনের দেহ ও ব্যাগ তল্লাশী করে তাদের ব্যবহৃত ব্যাগের মধ্যে বিশেষ কায়দায় রাখা ৯ হাজার ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। 

মাদক কারবারি দুই জন ফরিদপুর জেলার নাগরকান্দা উপজেলার জানগুদী গ্রামের বালা মাতুব্বর এর পুত্র মাহামুদুল হাছান (৩০) ও একই উপজেলার বিল গবিন্দপুর গ্রামের আলম প্রামাণিকের পুত্র মো. রাজু প্রামাণিক (৪২)।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট কারবারি গডফাদারদের কাছ থেকে ইয়াবা ক্রয় করে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি ও সরবরাহ করে আসছে। ধৃত আসামীদ্বয় অভিনব সব কৌশল অবলম্বন করে মাদক পরিবহণ ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের গডফাদারদের সনাক্ত ও গ্রেফতার করতে র‌্যাব সদস্যদের অভিযান চলমান রয়েছে বলে সূত্রটি অবগত করে।

গতকাল সোমবার রাত ১২ টায় গ্রেফতারকৃত দুইজন মাদক কারবারিকে জেলার চিরিরবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। ধৃত আসামি ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেট থানায় হস্তান্তর করা হয়েছে।

চিরিরবন্দর থানার ওসি পরিদর্শক এম এ ফারুক জানান, মাদকসহ গ্রেফতারকৃতদের আজ মঙ্গলবার দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।