বাসস
  ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৬

বিজিবির অভিযানে বেনাপোল সীমান্ত এলাকা থেকে অস্ত্র উদ্ধার

বেনাপোল সীমান্ত এলাকা থেকে অস্ত্র উদ্ধার। ছবি: বাসস

যশোর, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : যশোরের শার্শার বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার ভোরে এই অভিযান চালানো হয়। বিজিবি’র যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, বেনাপোল বিওপি’র একটি বিশেষ টহল দল ভোর চারটার দিকে বেনাপোল পোর্ট থানা এলাকার গাতিপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় গাতিপাড়া-দৌলতপুর রাস্তার পাশে একটি পরিত্যক্ত ভবনের গেটের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলিগুলো পাওয়া যায়। উদ্ধার হওয়া এসব অস্ত্র, গুলি ও ম্যাগজিনের মূল্য দুই লাখ ১০ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে।

যশোর বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, উদ্ধার হওয়া অস্ত্র, গুলি বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে সীমান্ত দিয়ে যাতে কোনো আগ্নেয়াস্ত্র না আসতে পারে সেজন্য বিজিবির তৎপরতা ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।