শিরোনাম

বরিশাল, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে সেনাবাহিনী।
আজ রোববার বেলা ১১ টায় শহরের এলজিইডি কার্যালয়ের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সেনাবাহিনীর বরিশাল মৎস্য প্রশিক্ষণ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সৈকত বলেন, ২০২৪ সালের ২০ জুলাই থেকে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশের আভ্যন্তরীণ শান্তি শৃংখলা বজায় রাখতে কাজ করছে। নির্বাচন কমিশন ও সরকারি নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী বেসামরিক প্রশাসন ও অনান্য বাহিনীকে সহয়তা প্রদান করে আইনশৃংখলা রক্ষা, ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি শান্তিপূর্ণ, সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, সেনাবাহিনী নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সেনাবাহিনী কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়।সেনাবাহিনীর একমাত্র লক্ষ্য সংবিধান অনুসরন করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যাতে সকলে নিশ্চিন্তে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
এসময় তারা গণমাধ্যম কর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।