শিরোনাম

দিনাজপুর, ৮ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : জেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় পিষ্ট হয়ে এক ভ্যান চালকের মৃত্যু ঘটেছে।
গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টায় দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে সড়ক দুর্ঘটনায় একজন ভ্যান চালকের মৃত্যুর ঘটনা নিশ্চিত করা হয়।
সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ৮টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চিরিরবন্দর উপজেলায় আমতলী নামক স্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় পিষ্ট হয়ে রফিকুল ইসলাম (৪০) নামের একজন ভ্যান চালকের মৃত্যু হয়।
দুর্ঘটনায় নিহত রফিকুল ইসলাম জেলার পার্বতীপুর উপজেলার দক্ষিণ সানন্দা কচুয়াপাড়া গ্রামের মৃত সমির উদ্দীনের পুত্র।
দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার ওসি পরিদর্শক মো. মাহমুদুন নবী জানান, সড়ক দুর্ঘটনায় নিহত রফিকুল ইসলাম প্রতিদিন ভ্যান যোগে নেপিয়ার ঘাস বিক্রি করেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঘাস বিক্রি করে ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন। পথের মধ্যে, হাইওয়ে রাস্তার আমতলী নামক স্থানে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা মারলে, সে বাসের চাকার নিচে পড়ে গিয়ে পিষ্ট হয়। বাসটি দুর্ঘটনার বিষয় টের পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায়, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে চিরিরবন্দর থানায় একটি মটরযান মামলা দায়ের করা হয়েছে।