শিরোনাম

নাটোর, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’ প্রতিপাদ্যে নাটোরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বই মানুষের পরম বন্ধু। তাই নিয়মিত বই পড়তে হবে। বই আত্নার প্রশান্তি দান করে, মানুষকে সমৃদ্ধ করে। তাই সকল পাবলিক লাইব্রেরিকে সক্রিয় করতে হবে, মানুষের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে হবে। তবেই মেধাবী জাতি গড়ে উঠবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাতআরা ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. রোস্তম আলী হেলালী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান সাজু আহম্মেদ।
অনুষ্ঠানে চিত্রাংকন, রচনা, উপস্থিত বক্তৃতা এবং বই পাঠ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার ও সনদ প্রদান করা হয়। দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়।