বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৮

বাগেরহাট-১ আসনের  বিএনপি প্রার্থী ও মুক্তিযোদ্ধাদের মতবিনিময়

জেলায়  বিএনপি প্রার্থী ও মুক্তিযোদ্ধাদের মতবিনিময় ।ছবি: বাসস

বাগেরহাট, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সব  বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভা করেছে উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির আয়োজনে গতকাল বুধবার উপজেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল। উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, সাবেক ডেপুটি কমান্ডার মো. সিরাজুল ইসলাম ছিনু, সাবেক সাংগঠনিক কমান্ডার ফকির দীন মোহাম্মদসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা।

প্রধান অতিথির বক্তব্যে কপিল কৃষ্ণ মন্ডল বলেন, বিএনপি স্বাধীনতার চেতনার ধারক ও বাহক। মুক্তিযোদ্ধাদের সম্মান ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির বিকল্প নেই।
শেখ হাফিজুর রহমান বলেন, মুক্তিযোদ্ধাদের অবদানকে সম্মান জানিয়ে বিএনপি সবসময় পাশে আছে। এই নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।

মো. হারুন আল রশীদ বলেন, এই নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। মুক্তিযোদ্ধাদের সমর্থন বিএনপির শক্তি আরও বাড়িয়ে দেবে।

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছি স্বাধীন দেশের জন্য। স্বাধীনতার চেতনাবিরোধী শক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়াই আমাদের দায়িত্ব।

সাবেক ডেপুটি কমান্ডার মো. সিরাজুল ইসলাম ছিনু বলেন, যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছে, তারা কখনো মুক্তিযোদ্ধাদের বন্ধু হতে পারে না। তাই ধানের শীষে ভোট দেওয়াই সঠিক সিদ্ধান্ত।

সাবেক সাংগঠনিক কমান্ডার ফকির দীন মোহাম্মদ বলেন, মোল্লাহাটের মুক্তিযোদ্ধা পরিবারগুলো স্বাধীনতার পক্ষের শক্তির সাথেই থাকবে। আমরা সবাই বিএনপির বিজয় চাই।

সভায় বক্তারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান এবং মুক্তিযোদ্ধা পরিবারসহ সর্বস্তরের জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ করেন।