বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪

লক্ষ্মীপুরে অস্ত্র ও গোলাবারুদসহ ২ অস্ত্র কারবারি আটক 

লক্ষ্মীপুর, ৫ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : জেলার চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ  অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। 

আটককৃতরা হলেন, লক্ষ্মীপুর সদরের দেওপাড়া গ্রামের কাজল ইসলাম সুমনের পুত্র মো. ইমরান হোসেন (২৫) এবং আলেয়াপুর ইউনিয়নের আনোয়ার হোসেনের পুত্র মো. সজিব (২৭) । গতকাল বুধবার দিবাগত রাতে সেনাবাহিনী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে। 

এর আগে স্থানীয় চন্দ্রগঞ্জ ও নোয়াখালীর সীমান্তবর্তী এলাকার আলেয়াপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান ক্যাপ্টেন আরমান হাবিব অপু। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল,  ৪টি এলজি, ৩৭ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ৪টি খালি কার্তুজ, ৫৩টি আতশবাজি, ২টি ককটেল, ১টি দেশীয় অস্ত্র ও একটি বিপি উদ্ধার করা হয়।

আটক ইমরান হোসেন হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। অভিযান শেষে উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তিদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের টহল দল অংশ নেয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন আরমান হাবিব অপু ও লেফটেন্যান্ট আবিদ করিম শাহরিয়ার।