শিরোনাম

খাগড়াছড়ি, ৫ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলার গুইমারা উপজেলায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হন।
গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাইল্যাছড়ি স্কুল সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী শান্তি পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক কুবেন জয় ত্রিপুরা (২৮) মারা যান।
মৃত কুবেন জয় গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের পঙ্খীমুড়া এলাকার বাসিন্দা কৃপাচার্য ত্রিপুরার পুত্র।
একই মোটরসাইকেলের অপর আরোহী ত্রিপুরা (১৯) গুরুতর আহত হন। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া এলাকার মনোহরি ত্রিপুরার পুত্র।
আহত যুবককে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। নিহতের মরদেহ মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
গুইমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, দুর্ঘটনায় আহত একজন মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। ঘাতক শান্তি পরিবহনের বাসের চালক এবং সহকারী পলাতক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।