শিরোনাম

আব্বাছ হোসেন
লক্ষ্মীপুর, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নানা ধরনের প্রস্তুতি নিচ্ছে জেলা পুলিশ। কোথাও যাতে কোন ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে পুলিশের কঠোর নজরদারী রয়েছে। আগামি ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত জেলার প্রতিটি ভোটকেন্দ্র কঠোর নিরাপত্তার মধ্যে থাকবে।
আজ বুধবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এসব তথ্য জানান।
হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, লক্ষ্মীপুর জেলার মোট ৪৯৬টি ভোট কেন্দ্রের মধ্যে ২১৫টি অধিক গুরুত্বপূর্ণ, ১৯৮টি গুরুত্বপূর্ণ এবং ৮৩টি সাধারণ ভোটকেন্দ্র।
তিনি বলেন, এগুলোর মধ্যে লক্ষ্মীপুর সদরে মোট ১২২টি ভোট কেন্দ্রের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ৮৬টি, গুরুত্বপূর্ণ ১৬টি ও সাধারণ ২০টি। চন্দ্রগঞ্জে মোট ৭৭টি ভোট কেন্দ্রের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ৪০টি, গুরুত্বপূর্ণ ২১টি ও সাধারণ ১৩টি। রায়পুরে মোট ৮২টি ভোট কেন্দ্রের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ২৬টি, গুরুত্বপূর্ণ ৪৭টি ও সাধারণ ৯টি। রামগঞ্জে মোট ৯৩টি ভোট কেন্দ্রের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ৩০টি ও গুরুত্বপূর্ণ ৬৩টি। রামগতিতে মোট ৬৭টি ভোট কেন্দ্রের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ১৭টি, গুরুত্বপূর্ণ ১৫টি ও সাধারণ ৩৫টি। কমলনগরে মোট ৫৫টি ভোট কেন্দ্রের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ১৬টি, গুরুত্বপূর্ণ ৩৬টি ও সাধারণ ৩টি।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রায়হান কাজেমী আরও জানান, প্রতিটি ভোটকেন্দ্রে দুইজন পুলিশ সদস্য ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পুলিশের মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকবেন। এছাড়াও নির্বাচনী এলাকায় ১০ প্লাটুন বিজিবি, সেনাবাহিনী, র্যাব এবং সাদা পোশাকে পুলিশ সদস্যরা মোতায়েন থাকবে।