বাসস
  ০৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৩

সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন : সাতক্ষীরার এসপি

জেলা পুলিশের আয়োজনে আজ রোববার সকালে পুলিশ সুপার কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়। ছবি : বাসস

সাতক্ষীরা, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। 

আমার প্রথম ও প্রধান লক্ষ্য আগামীর জাতীয় নির্বাচন স্বচ্ছ ও নির্বিঘ্নে সম্পন্ন করা। 

তিনি বলেন, গণতন্ত্রের উত্তরণের পথে আমাদের যাত্রা। প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন ২০২৬ সালের নির্বাচন ইতিহাসের পাতায় লেখা থাকবে। আমরা সেভাবেই কাজ করবো।

দেশের জনগণ ভোটকেন্দ্রে যাবেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং নিরাপদে বাড়িতে ফিরে যাবেন। নিরাপদ পরিবেশ তৈরি করাই আমাদের কাজ। এক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আশা করি, সেটা তাঁরা করবেন।

জেলা পুলিশের আয়োজনে আজ রোববার সকালে পুলিশ সুপার কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

সাতক্ষীরা দেশের দক্ষিণ-পশ্চিমের সীমান্তবর্তী জেলা। এই জেলার সীমান্ত দিয়ে চোরাচালান, মাদক পাচার, সুন্দরবনের দস্যুতা দমন এবং জেলা জুড়ে চুরি-ছিনতাই প্রতিরোধে কঠোরভাবে কাজ করার কথা জানান পুলিশ সুপার আরেফিন জুয়েল। এছাড়া অনলাইন জুয়া, মাদক, সাইবার বুলিং, কিশোর গ্যাং এবং বিভিন্ন অপরাধের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এ জন্য সকলের সহযোগিতা কামনা করেন  মতবিনিময় সভায় বক্তব্য দেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সহ-সভাপতি আবুল কালাম, অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ময়না, আর টিভির রামকৃষ্ণ চক্রবর্তী, যমুনা টিভির আকরামুল ইসলাম, কালের কণ্ঠের মোশাররফ হোসেন, বণিক বার্তার গোলাম সরোয়ার, মানবজমিনের বিপ্লব হোসেন প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, যুগ্ম সম্পাদক এম. বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহিন গোলদার, চ্যানেল টুয়েন্টি ফোরের আমিনা বিলকিস ময়না, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, ভোরের পাতার মহিদার রহমান, ভোরের ডাকের তৌফিকুজ্জামান লিটু, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, স্টার নিউজ ও কালবেলার গাজী ফরহাদসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।