বাসস
  ১১ এপ্রিল ২০২৬, ২০:২৯

কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

কুমিল্লা (দক্ষিণ), ১১ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার লাকসাম উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে মো. আফরান হোসেন আরাফাত (৭) ও মো. ইয়াছিন (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। 

আজ শনিবার দুপুরে লাকসাম পৌর শহরের দৌলতগঞ্জ এতিমখানা ও মাদ্রাসার সামনে অবস্থিত একটি পুকুরে এ ঘটনা ঘটে।

মৃত শিশু মো. আফরান হোসেন আরাফাত লাকসাম পৌরসভার গন্ডামারা এলাকার মো. খোকনের ছেলে। অপর মৃত শিশু মো. ইয়াছিন একই এলাকার দ্বীন মোহাম্মদ ইসলামের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাশাপাশি বাড়ির দুই শিশু মো. আফরান হোসেন আরাফাত ও মো. ইয়াছিন খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরে দুপুরের দিকে এতিমখানা-মাদ্রাসার এক শিক্ষক অজু করতে গিয়ে পুকুরে দুই শিশুর নিথর দেহ ভাসতে দেখেন। বিষয়টি দেখে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহম্মেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে।