বাসস
  ১১ এপ্রিল ২০২৬, ১৬:৩৬

লেবাননে ইসরাইলি হামলার নিন্দা ঢাকার; বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে শোক

ছবি : বাসস

ঢাকা, ১১ এপ্রিল, ২০২৬ (বাসস) : লেবাননে ইসরাইলের সাম্প্রতিক হামলায় বেসামরিক হতাহত এবং এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এ ধরনের সহিংসতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতিষ্ঠার চলমান প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে বলেও সতর্ক করেছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (শনিবার) ঢাকায় এক বিবৃতিতে জানায়, এসব হামলায় বেসামরিক মানুষের হতাহতের ঘটনায় বাংলাদেশ কঠোর নিন্দা জানাচ্ছে এবং আঞ্চলিক শান্তি উদ্যোগের ওপর এটির সম্ভাব্য নেতিবাচক প্রভাব বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করছে।

বিবৃতিতে বৈরুতে ইসরাইলি হামলায় বাংলাদেশি নাগরিক দীপালি নিহত হওয়ার ঘটনারও তীব্র নিন্দা জানানো হয় ।

একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং এই কঠিন সময়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে সরকার।

বিবৃতিতে আরও জানানো হয়, লেবাননের বাংলাদেশ দূতাবাস ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে এবং পরিস্থিতি অনুকূলে এলে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।