শিরোনাম
ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও গুমের শিকার মফিজুল ইসলাম রাশেদের ছোট ছেলে রামীমুল ইসলাম রিফাদের জন্য পাঠ্যপুস্তক পাঠিয়েছেন।
আজ শুক্রবার রিফাদের পড়াশোনার জন্য প্রয়োজনীয় বই তার ভাই রিমনের কাছে পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আমরা বিএনপি পরিবার এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার দারুসসালাম থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মফিজুল ইসলাম রাশেদ ২০১৩ সালের ৪ এপ্রিল গুমের শিকার হন। এরপর থেকে বাবার অপেক্ষায় অনিশ্চয়তার মধ্যেই বেড়ে ওঠে রামীমুল ইসলাম রিফাদ।
স্বামীর গুমের বিচারের দাবিতে ছোটাছুটি করতে গিয়ে মোহাম্মদপুরে রিফাদের মা রুমা বেগম ২০২১ সালের নভেম্বরে সড়ক দুর্ঘটনায় মারা যান।
মায়ের মৃত্যুর পর সাভারের হেমায়েতপুরে পরিবারের বসতভিটাটুকুও চাচার দখলে চলে যায়। বাবা-মা দুজনকেই হারিয়ে রিফাদ বর্তমানে চাঁদপুরে খালার কাছে থেকে বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছে। এবার সে এসএসসি পরীক্ষার্থী।
বর্তমানে তার কিছু বই ও টেস্ট পেপার প্রয়োজন- বিষয়টি জানান রিফাদের বড় ভাই রিমন। এ খবর জানতে পেরে আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
এরই প্রেক্ষিতে আজ সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন রিফাদের পড়াশোনার জন্য প্রয়োজনীয় বই তার ভাই রিমনের হাতে তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি আব্দুল জলিল, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, শেকৃবি ছাত্রদল নেতা শোআইব ইসলাম ও ইয়াসির আরাফাত মিরাজ প্রমুখ।
উল্লেখ্য, গুমের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের সন্তানদের শিক্ষা ও ভবিষ্যৎ নিশ্চিত করার প্রত্যয়ে আমরা বিএনপি পরিবার সাধ্যমতো কাজ করে যাচ্ছে।