বাসস
  ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩২

চট্টগ্রামে ৭০ বিদেশি নাগরিক আটক, ১৭০ ডিভাইস উদ্ধার

চট্টগ্রাম, ১১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ আবাসিক এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে ৭০ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ল্যাপটপ, মুঠোফোনসহ ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, আটক ব্যক্তিরা অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য হতে পারেন।

শুক্রবার খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরীর খুলশী থানার জালালাবাদ কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪ নম্বর রোডের একটি ভবনের আটতলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস, নেপাল ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন বলে তিনি জানান।

ওসি আবদুর রহিম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিইউ) একটি দল ও থানা-পুলিশ ওই ভবনের আটতলায় অভিযান চালায়। সেখান থেকে ৭০ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৬৮টি ল্যাপটপ ও ৬৫টি মোবাইলসহ ১৭০টি ডিভাইস জব্দ করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তিরা অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।