শিরোনাম
সুনামগঞ্জ, ১০ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলায় জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অধিকার শাখার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার সচিব মিজ ফারাহ শাম্মী।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান এবং স্বাগত বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ড. মোহাম্মদ আশরাফুল আলম।
কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান। কর্মশালা সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মুহাম্মদ সাদিকুর রহমান।
কর্মশালার আলোচনায় তথ্য অধিকার আইন, ২০০৯-এর পটভূমি ও উদ্দেশ্য, আইন বাস্তবায়নে করণীয়, সরকারি দপ্তরের তথ্য প্রদানের দায়িত্ব ও নাগরিকের তথ্যপ্রাপ্তির অধিকারসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
একই সঙ্গে সরকারি দপ্তরগুলোতে তথ্য সংরক্ষণ, নাগরিকের চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহ ও তথ্য অধিকার আইন কার্যকরভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় বক্তারা বলেন, তথ্য পাওয়ার অধিকার নাগরিকের মৌলিক অধিকারগুলোর অন্যতম। সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের যথাযথ বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় জনগণ যাতে সহজে ও নির্ধারিত প্রক্রিয়ায় প্রয়োজনীয় তথ্য পেতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদেরকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া কর্মশালায় আরও উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাকিলা রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার দীপান্বিতা দেবী, সাব্বির হাসান শাওন, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ ও দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে প্রমুখ।