শিরোনাম

ঢাকা দক্ষিণ, ১০ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ঢাকার কেরানীগঞ্জে নকল সার ও নিষিদ্ধ কীটনাশক তৈরি ও মোড়কজাত করার দায়ে জিয়াউর রহমান নামে এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে ৬টি ব্যক্তিমালিকানাধীন কারখানার বিপুল পরিমাণ নকল সার ও কীটনাশক জব্দ করে ধ্বংস করা হয়েছে।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
র্যাব জানায়, গতকাল বুধবার কেরানীগঞ্জের হযরতপুর এলাকায় র্যাব-১০, উপজেলা প্রশাসন, এনএসআই, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি বিপণন কর্মকর্তাদের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে হযরতপুর এলাকায় নকল সার প্রস্তুত, প্যাকেটজাত এবং নিষিদ্ধ কীটনাশক তৈরি ও মোড়কজাত করার প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধের দায়ে জিয়াউর রহমানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আরও ৬টি ব্যক্তিমালিকানাধীন কারখানার মালামাল জব্দ করা হয়। এ সময় সংশ্লিষ্টদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।
জব্দ করা নকল সার ও কীটনাশক বিধি অনুযায়ী ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বাসসকে বলেন, ‘নকল সার ও নিষিদ্ধ কীটনাশক কৃষি ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’