বাসস
  ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১৭

বরিশালে কৃতি শিক্ষার্থীর মাঝে সম্মাননা স্মারক ও সনদ প্রদান

ছবি : বাসস

বরিশাল, ১০ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বরিশাল জেলার ১০১ জন মেধাবী ও কৃতি শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়েছে। 

জেলা শিক্ষা অফিসের আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে সনদ প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মামুন খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের এ সাফল্য ধরে রাখতে নিয়মিত অধ্যবসায় ও শৃঙ্খলার সঙ্গে এগিয়ে যেতে হবে। মোবাইল ফোনের অপব্যবহার, মাদক ও কিশোর গ্যাংয়ের মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে নিজেদের দূরে রেখে পড়াশোনায় মনোযোগী হতে হবে। 

তিনি বলেন, জেলা পর্যায়ে অর্জিত এ সাফল্যকে জাতীয় পর্যায় পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে তোমাদের আরও নিষ্ঠার সাথে পরিশ্রম করতে হবে। নিজেদের মেধা, প্রতিভা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির জন্য গৌরব বয়ে আনতে হবে।

জেলা প্রশাসক মো. মামুন খন্দকার আরও বলেন, বরিশাল জেলা দীর্ঘদিন ধরে শিক্ষা নগরী হিসেবে পরিচিত। এ জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। বরিশাল এমন একটি ঐতিহ্যবাহী জনপদ, যেখানে শের-ই-বাংলা এ কে ফজলুল হক, কবি জীবনানন্দ দাশ ও কবি কুসুমকুমারী দাশের মতো কৃতী মনীষীর জন্ম হয়েছে। তাদের মেধা, আদর্শ ও দেশপ্রেম থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের সামনে এগিয়ে যেতে হবে। এসময় তিনি তাদের দেখানো আলোকিত পথ অনুসরণ করে দেশের কল্যাণে ভূমিকা রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আ. জব্বারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীন ও সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ড. শেখ মোহাম্মদ তাজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ।