বাসস
  ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

জবি ক্যাফেটেরিয়ায় মানসম্মত খাবার ও পরিচ্ছন্নতা নির্দেশ উপাচার্যের

ছবি : বাসস

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাফেটেরিয়ায় খাবারের মান, সেবার মান, খাবারের সঠিক পরিমাণ ও পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। 

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ক্যাফেটেরিয়ায় গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন।

এ সময় উপাচার্য শিক্ষার্থীদের কাছে ক্যাফেটেরিয়ায় পরিবেশিত খাবারের মান, খাবারের পরিমাণ, মূল্য অনুযায়ী সেবার মান এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চান। শিক্ষার্থীরা ক্যাফেটেরিয়ার খাবার ও সেবা সম্পর্কে তাদের বিভিন্ন মতামত ও অভিজ্ঞতা উপাচার্যের কাছে তুলে ধরেন। শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি ক্যাফেটেরিয়ার সার্বিক পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টিও সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। ক্যাফেটেরিয়ায় স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপাচার্য ক্যাফেটেরিয়ার দায়িত্বপ্রাপ্তদের খাবারের মান বজায় রাখা, নির্ধারিত ও সঠিক পরিমাণে খাবার পরিবেশন, শিক্ষার্থীদের সঙ্গে যথাযথ আচরণ এবং সেবার মান উন্নত করার বিষয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে ক্যাফেটেরিয়ার রান্না ও খাবার পরিবেশনের স্থানসহ পুরো ক্যাফেটেরিয়া নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্যও সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।