বাসস
  ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:১১

জবিতে প্রথমবারের মতো ই-জিপি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

ছবি: বাসস

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো সরকারি ক্রয় কার্যক্রমের অনলাইনভিত্তিক পদ্ধতি ই-গভর্নমেন্ট প্রোকিউরমেন্ট (ই-জিপি) বিষয়ে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে পরিসংখ্যান বিভাগের স্ট্যাটিস্টিক্যাল কম্পিউটার অ্যান্ড সিমুলেশন ল্যাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। 

উপাচার্য বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ই-জিপি বিষয়ে এ ধরনের প্রশিক্ষণ এবারই প্রথম আয়োজন করা হচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আধুনিক, স্বচ্ছ ও দক্ষ করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় ই-জিপির কোনো বিকল্প নেই। এ পদ্ধতিকে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে কার্যকরভাবে বাস্তবায়ন করতে হলে সংশ্লিষ্ট সবাইকে ই-জিপি সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা ও মডারেটরের দায়িত্ব পালন করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মেজবাহ-উল আজম সওদাগর।

প্রথম দিনে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ দেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রকিউরমেন্ট ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো. আবু হানিফ মৃধা। প্রশিক্ষণের দ্বিতীয় দিনে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থাকবেন সোশ্যাল সিকিউরিটি অডিট ডিরেক্টরেটের ব্যবস্থাপনা পরিচালক কাজী ফররুখ আহমেদ।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।